সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারপদ্ধতি বাতিল হলেও আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠানের কথাও উল্লেখ ছিল রায়ে। এ ক্ষেত্রে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগে এই পদ্ধতিটি বাতিল করেছে ক্ষমতাসীন সরকার।গত শনিবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রেস ব্রিফিংয়ে সুলতানা কামাল এসব কথা বলেন। তিনি দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে দুই নেত্রীকে আলোচনায় বসে একটি সুন্দর সমাধান বের করার অনুরোধ জানান।আইন ও সালিশ কেন্দ্রের এই নির্বাহী প্রধান বলেন, দেশে প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। থানায় গেলে অসহায় ব্যক্তিরা সঠিকভাবে আইনি সহায়তা পাচ্ছে না। হামলার শিকার হবে বলে ভয়ে মানুষ সত্য কথা প্রকাশ করছে না। তারা নির্ভয়ে কথা বলতে পারছে না। বাক্স্বাধীনতার ওপর একটি কালো ছায়া পড়ে আছে।বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিৎ সিংহের বাসায় অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে সুলতানা কামাল আরও বলেন, নির্যাতিত ব্যক্তিরা পুলিশ প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলছে। অভিযুক্ত ব্যক্তিরা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে পদোন্নতি না হওয়া ও বদলি হওয়ার ভয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করছে না পুলিশ। তিনি বলেন, দেশে আজ ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী সব পেশার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।এর আগে কমলগঞ্জের দয়াময় সিংহ উচ্চবিদ্যালয় মাঠে বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরাম আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুলতানা কামাল। সেখানে তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি সুন্দর অসাম্প্রদায়িক দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরামের সভাপতি প্রকৌশলী আবদুল মজিদ চৌধুরীর সভাপতিত্বে ও মণিপুরি সাহিত্য সংকলন পৌড়ির সম্পাদক সুশীল সিংহের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি প্রধান পিনাক চক্রবর্তী, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক গৌরমনি সিনহা, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান আবদুল আউয়াল বিশ্বাস, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ জাহিদুল ইসলাম মিঞা, সাংবাদিক মুজিবুর রহমান, শাহীন আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সমরজিৎ সিংহ।