সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে এবং তাদের বাড়িঘর, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল শুক্রবার এক বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।’বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এরশাদ বলেন, ‘নিরীহ সংখ্যালঘু সম্প্রদায় দেশে দুটি পক্ষের মধ্যে চলমান রাজনৈতিক সংঘাতের বলি হবে, আমরা তা কোনোভাবেই মেনে নেব না। এ দেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে, তারা আমাদের আমানত। তাদের জানমাল, ইজ্জত, উপাসনালয় রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব।’ বিবৃতিতে জাপার চেয়ারম্যান আরও বলেন, যেসব মুসলমান নামধারী দুর্বৃত্ত সংখ্যালঘুদের ওপর হামলা করছে, তাদের পবিত্র ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে এবং যেকোনো ধর্মবিশ্বাসের ওপর আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে।