প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেনি। সরকার গণমাধ্যমকর্মীদের হয়রানি করায় বিশ্বাসী নয়। তিনি বলেন, দেশের গণমাধ্যম পুরোপুরি স্বাধীনতা ভোগ করছে। সরকার কখনোই কোনো সেন্সরশিপ আরোপ করেনি।ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। আইপিআইয়ের নির্বাহী পরিচালক অ্যালিসন বেথেল ম্যাকেঞ্জির নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন আইপিআইয়ের জ্যেষ্ঠ গণমাধ্যম স্বাধীনতা উপদেষ্টা বারবারা ট্রিয়নফি ও ইপিআইয়ের নির্বাহী পরিষদের সদস্য মনজুরুল আহসান বুলবুল।প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করেছে। এ ধারায় সাংবাদিকদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছিল। তিনি বলেন, কোনো কোনো ব্যক্তি সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা উল্লেখ করে এসব মামলা করা হয়। এ ক্ষেত্রে সরকার সম্পৃক্ত থাকে না। তিনি বলেন, ‘তাঁর সরকার সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আরোপিত বিধিনিষেধ থেকে গণমাধ্যমকে মুক্ত করেছে। আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পাস এবং স্বাধীন তথ্য কমিশন গঠন করেছি।’প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১৭টি বেসরকারি টিভি ও চারটি রেডিও অনুষ্ঠান সম্প্রচার করছে। বর্তমান সরকার আরও ১৫টি টিভি ও সাতটি এফএম রেডিওর অনুমতি দিয়েছে। সরকার সম্প্রচার নীতিমালা প্রণয়নে কাজ করছে। আইপিআই প্রতিনিধিদল বাংলাদেশের গণমাধ্যমকে শক্তিশালী করতে সহায়তা দেওয়ার প্রস্তাব দেয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সাংবাদিকদের প্রশিক্ষণে যেকোনো আন্তর্জাতিক সহযোগিতাকে স্বাগত জানাবে।বৈঠকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লাহ ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।বিদায়ী থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশে থাইল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত তাছানাওয়াদি মিয়াচারোয়েন গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি থাইল্যান্ডের সঙ্গে সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, তাঁর সরকার দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আগ্রহী।বৈঠকে এশিয়া ইউরোপ মিটিংয়ের (এএসইএম) সদস্য হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, থাইল্যান্ড এএসইএমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশের সদস্যপদ লাভের প্রতি সমর্থন জানাবে।