সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। সত্য কথা বলায় মাহমুদুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নির্যাতন করা হচ্ছে। এক মাহমুদুর রহমানকে কারাগারে রেখে লাখো মাহমুদুর রহমানের কণ্ঠরোধ করা যাবে না। তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। অথচ ইউনূসকে হেনস্তা করতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জিনজিরায় বিএনপির কার্যালয়ের সামনে গতকাল সকালে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে গয়েশ্বর রায় এসব কথা বলেন। মানববন্ধনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি ওয়ালিউল্লাহ নোমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হাজি নাজিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক অর্পণা রায়, জিনজিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাদ্দেল আলী, যুবদলের নেতা মোকাররম হোসেন প্রমুখ।