সরকার সংলাপে আন্তরিক হলে জামায়াতকে ছাড়াই কর্মসূচি দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গণসমাবেশে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি দলকে আসতে নিষেধ করাকে বিএনপির রাজনৈতিক কৌশল বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল একাধিক নেতা। তাঁদের দাবি, এর মাধ্যমে পরবর্তী নির্বাচনের জন্য আলোচনায় বসতে বিএনপি সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছে। কোনো কারণে আলোচনা না হলে এর দায় আর বিএনপিকে দেওয়ার সুযোগ থাকবে না।
বিএনপির সূত্রগুলো আরও জানিয়েছে, আলোচনায় বসার ব্যাপারে সরকার আন্তরিকতা দেখালে ২৯ জানুয়ারির কালো পতাকা মিছিল ও সমাবেশ কর্মসূচিও বিএনপি এককভাবে পালন করবে। তাতে জামায়াত ও হেফাজত-সংশ্লিষ্ট ধর্মভিত্তিক অপর তিন শরিক দল—ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসকে বাইরে রাখা হবে। তবে এসব দলের সঙ্গে এখনই পুরোপুরি সম্পর্ক নষ্ট করার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা প্রথম আলোকে বলেন, সংলাপের জন্য সরকারের পক্ষ থেকে মূলত দুটি শর্ত দেওয়া হয়েছে। এক. সহিংসতা পরিহার করতে হবে। দুই. জামায়াতের সঙ্গ ত্যাগ করতে হবে। এরই মধ্যে বিএনপি সহিংস কর্মসূচি থেকে বেরিয়ে এসেছে। আগামী কয়েক মাস শান্তিপূর্ণ আন্দোলন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারের ইচ্ছা অনুযায়ী বিএনপি জামায়াতকে ছাড়ছে, তা রাজনৈতিক কৌশলগত কারণে বলতে চায় না।
এই নেতা দাবি করেন, সরকার আগাম নির্বাচন দিতে বিএনপির সঙ্গে আলোচনার উদ্যোগ নিলে আগামীতে জামায়াতকে ছাড়াই একক কর্মসূচি দেবে বিএনপি।
সোহরাওয়ার্দী উদ্যানে গত সোমবার খালেদা জিয়ার গণসমাবেশটি ১৮-দলীয় জোটের কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু আগের দিন জামায়াতসহ ১৮ দলের শরিক ধর্মভিত্তিক চারটি দলকেই সমাবেশে আসতে বারণ করে বিএনপি। ফলে নির্বাচনোত্তর প্রথম সমাবেশটি বিএনপির একক কর্মসূচিতে পরিণত হয়। যদিও ১৮ দলের অন্য শরিকদের মধ্যে এলডিপি, বিজেপি, জাগপা, কল্যাণ পার্টির শীর্ষস্থানীয় নেতারা এতে বক্তৃতা করেছেন।
সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক প্রথম আলোকে বলেন, সমাবেশে জামায়াতকে আসতে নিষেধ করাটা রাজনৈতিক কৌশল। তবে অন্য দলগুলো এসেছিল। কারও চাপে পড়ে জামায়াতকে জোটে রাখা বা না রাখার সিদ্ধান্ত নেওয়া হবে না। এটা বিএনপি ও জোটের নিজস্ব সিদ্ধান্ত।
জয়নুল আবদিন ফারুক দাবি করেন, আলোচনায় বসার ব্যাপারে বিএনপি সব সময় আন্তরিকতার পরিচয় দিয়েছে ও দিচ্ছে। কিন্তু সরকারদলীয় নেতা ও মন্ত্রীরা একেক সময় একেক কথা বলছেন।