সরকার সংসদ, মিডিয়া ও বিচার বিভাগে প্রভাব খাটাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের বিএনপিদলীয় সাংসদ এম কে আনোয়ার বলেছেন, সরকার সংসদ, গণমাধ্যম (মিডিয়া) ও বিচার বিভাগে প্রভাব খাটাচ্ছে। এতে করে আওয়ামী লীগের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তিনি আরও বলেন, নির্বাচনে জিতবে না বলেই দলটি চোরাপথে ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে দেশবাসীই ওই পাতানো নির্বাচন কঠোর হস্তে দমন করবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এসব কথা বলেন। উপজেলার কড়িকান্দি ইভা কিন্ডারগার্টেন মাঠে ওই আলোচনা সভা হয়। তিতাস উপজেলা ছাত্রদলের সভাপতি মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল হক, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সরকার প্রমুখ। এম কে আনোয়ার বলেন, শেয়ারবাজার, পদ্মা সেতু, হল-মার্ক, ডেসটিনি কেলেঙ্কারির সঙ্গে বর্তমান সরকারের লোকজন জড়িত। তাই আওয়ামী লীগকে আর বাংলার মানুষ ক্ষমতায় দেখতে চায় না।