সরকার সংসদকে অকার্যকর করতে চায়: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, বিদেশি বন্ধুদের খুশি করতে তাদের পরামর্শে সরকার জাতীয় সংসদকে অকার্যকর করতে চায়। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।‘নির্দলীয় সরকারই রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র উপায়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ।খন্দকার মোশাররফ আরও বলেন, সরকার চায় না বিএনপি সংসদে থাকুক। এ জন্য সংসদে কটূক্তি করা হয়। সংসদের পরিবেশ কলুষিত করতে প্রধানমন্ত্রী উসকে দিয়েছেন। তিনি বলেন, চার সিটি করপোরেশন নির্বাচনে সরকার ফলাফল নিজেদের পক্ষে নিতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। কিন্তু গণজোয়ারে সব ষড়যন্ত্র ভেসে গেছে। ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, চার সিটিতে প্রমাণিত হয়েছে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল। এ সংখ্যাগরিষ্ঠ দলের দাবি না মেনে দলীয় সরকারের অধীনে নির্বাচন করলে তা সফল হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থার যে সংকট এবং বিশ্বাসে যে দূরত্ব ছিল, তা কমেনি, বরং তা বেড়েছে। তাই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই।