সরকার সঠিক ইতিহাস যুক্ত করে পাঠ্যবই দিয়েছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৩৯ বছর অতিবাহিত হলেও কোনো সরকার যুদ্ধাপরাধীদের বিচারের পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার তাদের বিচার করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করতে চায়।’ তিনি গতকাল শুক্রবার সকালে সিলেটের বিয়ানীবাজার পিএইচজি উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবদুল খালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মজিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহম্মেদ প্রমুখ।শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার সঠিক ইতিহাস যুক্ত করে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়েছে।গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরের একটি রেস্তোরাঁয় উৎস প্রকাশনের উদ্যোগে আয়োজিত সিলেটের অর্থনীতি ও সমাজ গ্রন্থের ওপর আলোচনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ অনুষ্ঠানে উৎস প্রকাশনের প্রধান নির্বাহী মোস্তফা সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ফারুক আহমদ মিছবাহ ও গ্রন্থের লেখিকা ইফফাত্ জাহান।