সরকার সন্ত্রাসীদের দিয়ে নাশকতা চালাচ্ছে: জামায়াত
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সরকার জনগণের আন্দোলন বানচাল করার জন্য সন্ত্রাসীদের দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারদলীয় সন্ত্রাসীরা বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিকদের ওপর হামলা ও বাসে নাশকতা চালিয়ে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এসব অভিযোগ করেন। শফিকুর রহমান জামিনে গত সপ্তাহে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গতকাল আবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান। এই পদে দায়িত্ব পালনকালে গত বছরের ডিসেম্বরে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর ওই দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম খান।
বিবৃতিতে শফিকুর রহমান গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে শিশুপার্কের সামনে বাসে পেট্রলবোমা হামলার প্রতিবাদ জানান। তিনি একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। ওই ঘটনায় ১৯ জন যাত্রী দগ্ধ হন।