সরকার সব ধর্মের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সম্প্রীতিপূর্ণ ধর্মনিরপেক্ষ সমাজ প্রতিষ্ঠায় সব ধর্মের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। পুনর্গঠিত হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যরা গতকাল মঙ্গলবার পৃথকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, যেখানে ধর্ম ও বর্ণের মানুষ তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে।’প্রধানমন্ত্রী ট্রাস্ট দুটির সদস্যদের প্রতি সব ধর্ম ও বিশ্বাসের মানুষের কল্যাণ নিশ্চিত করতে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।সাক্ষাৎকালে ট্রাস্টিরা প্রধানমন্ত্রীকে তাঁদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত করেন। তিনি তাঁদের কথা মনোযোগসহকারে শোনেন এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।অর্পিত সম্পত্তি আইন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিষয়টি এখন সংসদীয় স্থায়ী কমিটিতে বিবেচনাধীন। তবে এ ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অভিন্ন সুপারিশ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘নিজ নিজ ধর্মের কল্যাণ নিশ্চিত করতে আপনাদের নিরলসভাবে কাজ করতে হবে। আমরা সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহঅবস্থান চাই।’বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা ও অত্যাচার-নির্যাতনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ সময় অন্যান্যের মধ্যে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাবিবুল আওয়াল, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বিচারপতি গৌর গোপাল সাহা উপস্থিত ছিলেন। বাসস