সরকার সমঝোতার পথ খোলা রাখছে না: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি বলেছে, সরকার দেশকে ভয়ংকর পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। সমঝোতার কোনো পথই খোলা রাখছে না।গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের আজ্ঞাবহ নখ-দন্তহীন প্রতিষ্ঠান। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিষ্ঠানটি খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছে।বিএনপির যৌথ সভা শেষে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও তাঁর বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বুধবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং কাল বৃহস্পতিবার সারা দেশে এই কর্মসূচি পালন করবে বিএনপি।মির্জা ফখরুল অভিযোগ করেন, জিয়া পরিবারকে ধ্বংস করতে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নামে ভিত্তিহীন মামলা করেছে দুদক। জনবিচ্ছিন্ন হয়ে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, নির্যাতন চালাচ্ছে। তিনি বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট একটি জনকল্যাণমূলক বেসরকারি প্রতিষ্ঠান। এটি কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত নয়, একটি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্ট আইনে রেজিস্ট্রিকৃত হওয়ায় এ মামলা দুদকের করার কোনো এখতিয়ার নেই। আইন অনুযায়ী জেলা প্রশাসকের মাধ্যমে মামলা করার নিয়ম।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিন্দু দেবোত্তর সম্পত্তির ওপর জোর করে প্রতিষ্ঠান নির্মাণ করছেন। সরকারের এসব কাজে দেশের জনগণ ফুঁসে উঠেছে। তিনি বলেন, দেশে এখন দ্বৈত নীতি চলছে। একদিকে সরকারি দলের সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ১৫টি মামলা ছিল, সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অপরদিকে বিরোধীদলীয় নেতার নামে চারটি মামলা প্রত্যাহার না করে নতুন একটি ভিত্তিহীন মামলা দেওয়া হলো।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।মহিলা দলের মানববন্ধন: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দল। এতে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় বিএনপি বিক্ষোভ সমাবেশ করে।