সরকার সমঝোতার সব দরজা বন্ধ করে দিয়েছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সমঝোতার সমস্ত দরজা-জানালা ও পথ বন্ধ করে দিয়েছে। এখন একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই দরজা-জানালা খোলা সম্ভব। এ ছাড়া অন্য কোনো উপায় নেই।’
গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের ওপর তাঁর নিজেরই কোনো আস্থা নেই। তাঁর ওই বক্তব্য বা প্রস্তাবের ওপর যদি ন্যূনতম আস্থা থাকত, তাহলে তিনি ঢাকায় সভা-সমাবেশের ওপর এ রকম নিষেধাজ্ঞা দিতে পারতেন না।’ তিনি দাবি করেন, আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম কোনো গণতান্ত্রিক বোধ নেই। তারা ফ্যাসিবাদী সরকার।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, গণদাবি নির্দলীয় সরকারের পক্ষে বিরোধী দল যেন আন্দোলন করতে না পারে, গণ-অভ্যুত্থান সৃষ্টি করতে না পারে, সে জন্য সরকার পুলিশ দিয়ে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বাসায় বাসায় গিয়ে হয়রানি করছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ‘এসব করে কোনো লাভ হবে না। ইতিহাস থেকে শিক্ষা নিন। এহেন তৎপরতার জবাব আন্দোলনে দেওয়া হবে।’
দেশমাতৃকা পরিষদ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ তাহের। এতে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, সাংসদ রাশেদা বেগম, আইনজীবী তুহিন মালিক প্রমুখ।