সরকার সমর্থকদের বিরুদ্ধে টেন্ডার-সন্ত্রাসের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় স্থানীয় শতাধিক ঠিকাদার অভিযোগ করেছেন, সরকারি দলের কর্মী, সমর্থক ও সন্ত্রাসীদের বাধার কারণে বিভিন্ন সরকারি দপ্তরে তাঁরা সরকারি দরপত্র কাজে অংশ নিতে পারছেন না। গত শনিবার দুপুরে ঠিকাদার কল্যাণ সমিতির ব্যানারে শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক আনিছুর রহমান চাঁদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ শতাধিক তালিকাভুক্ত ঠিকাদার। সমিতির আহ্বায়ক আনিছুর রহমান চাঁদ তাঁর লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বিগত কয়েক মাস ধরে নওগাঁর বিভিন্ন সরকারি দপ্তরে ঠিকাদার নামধারী কয়েকজন মুখচেনা আ.লীগ, ছাত্রলীগ ও যুবলীগকর্মী স্থানীয় কিছু সন্ত্রাসীর সঙ্গে যোগসাজস করে ঠিকাদারি কাজের সিডিউল ক্রয় ও দরপত্র প্রদানে বাধা দিচ্ছে। ঠিকাদার আনিছুর রহমান আরও জানান, সাধারণ ঠিকাদাররা ওইসব দরপত্র কাজের সিডিউল কিনতে না পারার কারণে সরকার প্রায় এক কোটি টাকার রাজস্বপ্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। নওগাঁর পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি ও গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানান, দরপত্র কাজের সিডিউল কেনাবেচাসহ দরপত্র জমাদানের সময় তাঁদের দপ্তরের ভেতরে কোনো ঠিকাদার বাধার সম্মুখীন হয়েছেন এমন কোনো অভিযোগ লিখিত আকারে কেউ করেনি।