সরকার সমর্থকেরা কেন্দ্র দখল করে ফল পক্ষে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সরকার-সমর্থিত প্রার্থীরা ৫২টি জেলার শত শত ভোটকেন্দ্র দখল, জাল ভোট প্রদান, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে ফলাফল নিজেদের পক্ষে নিয়েছেন বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি এসব উপজেলায় পুনর্নির্বাচন দাবি করেছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, লালমনিরহাট, কুমিল্লা, শেরপুর, রাজশাহী, মুন্সিগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া, বরিশাল, জামালপুর, নাটোর, মাদারীপুর, ময়মনসিংহ, সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা, যশোর, বাগেরহাট, ভোলা, নোয়াখালী, চট্টগ্রামসহ ৫২টি জেলার শত শত ভোটকেন্দ্রে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে কেন্দ্র দখল করে নেয়। সরকারের সন্ত্রাসী তাণ্ডবে সারা দেশে ১৯-দলীয় জোট-সমর্থক তিন শতাধিক নেতা-কর্মী আহত হন। নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ গুলি চালিয়ে ছাত্রশিবির কর্মী সাদ্দাম হোসেনকে হত্যা করে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রথম পর্বের নির্বাচনে সরকার-সমর্থকদের ভরাডুবি ও রংপুরের পীরগঞ্জে পরাজয়ের পর আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্র দখল ও জোর-জবরদস্তি করে নিজেদের প্রার্থীদের বিজয়ী করার যে নীল নকশা প্রণয়ন করেছে, আজকের (গতকাল বৃহস্পতিবার) নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে।