সরকার সম্প্রচার আইন করবেই: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকার সম্প্রচার আইন করবেই। আজ মঙ্গলবার দুপুরে মহাখালীর ব্র্যাক সেন্টার ইন এ ‘শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা সম্প্রচার নীতিমালা করেছি। বলতে পারেন, এ নীতিমালার কারণে আপনাদের মধ্যে কাকে কাকে নিগ্রহ করা হয়েছে? আমরা সম্প্রচার আইন করবই। অন্যান্য অনেক দেশে থাকতে পারলে আমাদের দেশে কেন এ আইন থাকবে না? জানি, এ আইন করতে গেলেও অনেকে হইচই করবে।’
জাতীয় মানবাধিকার কমিশন, এমআরডিআই এবং জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ আয়োজিত এ সেমিনারের মুক্ত আলোচনায় একজন সাংবাদিক ৫৭ ধারা নিয়ে কথা বলেন। এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের কাছ থেকে সাংবাদিকেরা হুমকি পাচ্ছে না, পাচ্ছে জঙ্গিদের কাছ থেকে। আনসারউল্লাহ বাংলা টিম হুমকি দিচ্ছে। এ অনুষ্ঠানে ৫৭ ধারা নিয়ে একজন সাংবাদিক টিটকিরি দিলেন। কত হাজার সাংবাদিক ৫৭ ধারায় আটক আছেন? যারা আটক হয়েছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। এ পর্যন্ত দু-একজন ব্লগার আটক হয়েছেন।’
সেমিনারে তথ্যমন্ত্রী শিশুদের দিয়ে কোনো ধরনের মানববন্ধন না করানোর জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার এলাকার কোনো শিশু আমার গায়ে ফুল দিতে পারে না। আমার যাওয়া উপলক্ষে কোনো শিশুকে যদি দাঁড় করিয়ে রাখা হয়, তাহলে ওই হেডমাস্টারের কপালে দুঃখ থাকে। এগুলো আইন দিয়ে হয় না, নৈতিকতার ব্যাপার।’
তথ্যমন্ত্রী নারী ও শিশুদের বিষয়ে লেখার ক্ষেত্রে বিচারিক বুদ্ধি বিবেচনাকে কাজে লাগানোর জন্য গণমাধ্যম-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি শিশু-সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতার নীতিমালার মোড়ক উন্মোচন করেন।
আলোচনায় সাম্প্রতিক সময়ের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে রেড অ্যালার্ট কথাটি চালু হয়ে গেছে। বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়নি। বাংলাদেশে আজ একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। আগামী মাসে তিন হাজার বিদেশি অতিথি আসবেন আরেকটি সম্মেলনে অংশ নেওয়ার জন্য। এর আগে যুক্তরাজ্যের হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর সিলেটে মাজার জিয়ারতের সময় যখন বোমা হামলা হলো, তখন কোনো দেশ রেড অ্যালার্ট জারি করেনি। খালেদা জিয়ার আগুন যুদ্ধের সময়ও কোনো রাষ্ট্র রেড অ্যালার্ট ঘোষণা করল না। এখন দু-একটা ককটেল ফুটল, আর রেড অ্যালার্ট জারি হয়ে গেল। এতে আমরা রাজনীতির গন্ধ পাচ্ছি। উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে।’
সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। স্বাগত বক্তব্য এবং নীতিমালা তৈরি ও অন্যান্য কার্যক্রমের বর্ণনা দেন এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
সেমিনারে আলোচনায় অংশ নেন সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। সেমিনারে মুক্ত আলোচনা পর্বে সঞ্চালকের দায়িত্ব পালন করেন টাইম ম্যাগাজিনের প্রতিবেদক ফরিদ হোসেন।