সরকার সম্মত হলে অংশীদারদের মতামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার সম্মতি দিলে আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি সংবিধান সংশোধন বিলের ব্যাপারে অংশীদারদের মতামত গ্রহণ করবে। এ বিষয়ে আজ বুধবারের মধ্যে সরকারের অভিমত জেনে তা সংসদীয় কমিটিকে জানাবেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিলটি নিয়ে আজও কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকালের বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বিলের ব্যাপারে বিচার বিভাগ সংশ্লিষ্টদের মতামত নেওয়া যাবে কি না, সে বিষয়ে সংসদীয় কমিটি সরকারের মতামত জানতে চেয়েছে। এ নিয়ে আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত জানান, কমিটি বিলের প্রস্তাবনার বক্তব্য বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ অতীতে আরও পনের বার সংবিধান সংশোধন হয়েছে। দ্বাদশ এবং ত্রয়োদশ সংশোধনী বিলে প্রস্তাবনা ছিল। পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ব্যাপক পরিবর্তন হলেও তাতে কোনো প্রস্তাবনা ছিল না।
৭ সেপ্টেম্বর রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের প্রস্তাবনায় ভুল থাকায় শেষ পর্যন্ত সংশোধিত আকারে বিলটি উত্থাপিত হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, বিচারকদের অভিশংসন নয়, অপসারণ করা হবে। অভিশংসন কেবল রাষ্ট্রপতির জন্য প্রযোজ্য। স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে অভিজ্ঞরাও যোগ দিয়েছেন। বিচারকেরা কেবল অসমর্থ বা অসদাচরণ করলে তাঁদের অপসারণ করা যাবে। এমন বিচারক যাঁরা আছেন, তাঁদের হাত থেকে মানুষ বাঁচতে চায়। কারণ বিচারকেরাই মানুষের শেষ আশ্রয়স্থল।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধানে বিচারকদের নিয়ে কাউন্সিল গঠনের কথা বলা আছে। অর্থাৎ যিনি অভিযুক্ত, তিনিই অভিযোগকারী, আবার তিনিই বিচারক। এভাবে কি ন্যায়বিচার পাওয়া যায়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কর্মপ্রক্রিয়ার কোনো আইন নেই। আছে আচরণবিধি। তাতে বলা আছে, সদা সত্য কথা বলব। এটা তো আদর্শলিপির কথা। অসদাচরণ করলে কী হবে, সে বিষয়ে আচরণবিধিতে কিছু বলা নেই।
সুরঞ্জিত বলেন, সংবিধান সংশোধন বিল পাস হলে শুধু শুধু বিচারকদের অপসারণ করা যাবে না। কারণ অপসারণ করতে হলে প্রমাণিত অভিযোগ থাকতে হবে। সেই অভিযোগ তদন্ত করতে হবে। তারপর তা সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে তা পাস হতে হবে। তারপর সংসদের সুপারিশে রাষ্ট্রপতি অপসারণ করবেন। সুতরাং এই বিল নিয়ে হায় হায় করার কিছু নেই।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, আবদুল মতিন খসরু, তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, তালুকদার মো. ইউনুস, শামসুল হক, জিয়াউল হক মৃধা, আবদুল মজিদ খান প্রমুখ অংশ নেন।