বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর পক্ষপাতমূলক আচরণ বিচারপতিদের ন্যায়বিচারের পথ ভুলিয়ে দিয়েছে। তিনি বলেন, পুলিশের কাছে হাজারো মামলা আছে, সেগুলোর অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। অথচ অসুস্থ আরাফাত রহমান কোকোর মামলা নিয়ে তাদের আগ্রহের শেষ নেই।গতকাল সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন খোন্দকার দেলোয়ার হোসেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর প্যারোলের সময় বাড়ানোর আবেদনের বিষয়ে সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না জানানোয় বিএনপির মহাসচিব সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, দেশে অনেক মামলা আছে। সেগুলো নিয়ে সরকারের মাথাব্যথা নেই। কোকোর মামলার চার্জশিট দ্রুত দেওয়া হয়েছে। মনে হচ্ছে, বিরোধী দল ও জিয়ার দলকে নিশ্চিহ্ন করতে ক্ষমতার সব শক্তি দিয়ে এ চার্জশিট দেওয়া হয়েছে।খোন্দকার দেলোয়ার প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনি প্যারোলে মুক্তি নিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়িয়েছেন। আর কোকো চিকিৎসার জন্য প্যারোল নিয়েছেন। আপনার ছেলের বিরুদ্ধে কেউ একটা কথা বললেই একাধিক মামলা হয়ে যায়। আপনারা রাজনীতি করতে না দিতে চাইলে ডিক্লেয়ার করে দেন, আর কোনো রাজনৈতিক দল থাকবে না।’৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচি: গতকালের যৌথসভায় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ৩ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কর্মসূচি পালন করবে। ৭ নভেম্বর সকাল ছয়টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের বিভাগীয়, জেলা, উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ১০টায় জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া দিবসটি সম্পর্কে তরুণ প্রজন্ম ও জনগণকে অবহিত করতে পোস্টার, প্রচারপত্র, পুস্তিকা, ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী ও আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।