চট্টগ্রামে সাংবাদিক নির্যাতনবিরোধী পেশাজীবী সমাবেশে বক্তারা বলেছেন, সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সারা দেশে সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকারদলীয় ২৫ জন সাংসদ সরাসরি সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িত দাবি করে তাঁরা বলেন, সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঘোষিত চার দফা দাবির সমর্থনে গতকাল শুক্রবার সিএমইউজে মিলনায়তনে এ সমাবেশ হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজী।বিএফইউজের সহকারী মহাসচিব মুস্তফা নঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ড. মুহাম্মদ মাহাবুব উল্লাহ, আইনজীবী শামসুদ্দিন আহমেদ মির্জা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্পাদক নসরুল কদির, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা নাজিম উদ্দিন, সিএমইউজের নেতা ইসকান্দর আলী চৌধুরী, ওসমান গণি ও শামসুদ্দীন হারুন বক্তৃতা করেন।