সরকার সাড়া না দেওয়ায় জাতিসংঘের উদ্যোগ ব্যর্থ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্যোগ সফল না হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি। দলটি আশা করছে, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে তাঁর মতামত দেবেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে সরকার সাড়া না দেওয়ায় তা সফল হয়নি। তিনি বলেন, জাতিসংঘের অধিবেশন চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে প্রতিনিধি জাতিসংঘে পাঠাতে আহ্বান জানিয়েছিল সংস্থাটি। কিন্তু আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি।
বিএনপিকে জাতিসংঘে আমন্ত্রণ জানানো হয়নি বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তারও সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, আবদুল মোমেনের উদ্ধৃতি সঠিক নয়। জাতিসংঘের অধিবেশনে দুই দলকে আমন্ত্রণ জানানো হয়নি ঠিক; কিন্তু অধিবেশন চলাকালে সংকট সমাধানে আলোচনার জন্য দুই দলের প্রতিনিধিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে আওয়ামী লীগ সাড়া দেয়নি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি শুরু থেকে নির্বাচনকালীন সংকট নিয়ে আন্তরিকতার সঙ্গে সংলাপে রাজি। অনেকে উদ্যোগ নিয়েছিলেন; কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁরা আশা করেন সরকার চলতি অধিবেশনে নির্দলীয় সরকারের বিল সংসদে নিয়ে আসবে। কাদের মোল্লার রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, পরে এ বিষয়ে জানানো হবে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারছে না। বিএনএফকে নিবন্ধন দেওয়ার উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন কমিশন ভুঁইফোড় একটি সংগঠনকে নিবন্ধন দেওয়ার উদ্যোগ নিচ্ছে। এক-এগারোর সময়ের মতো বিএনপিকে ভাঙার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।