সরকার সাড়া না দেওয়ায় রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের সংলাপের উদ্যোগ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সোমবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘গত ২৫ আগস্ট জাতিসংঘের মহাসচিব বান কি মুন টেলিফোনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কাছে সাধারণ পরিষদের অধিবেশনের সময়ে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে প্রতিনিধি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব করেছিলেন। বিএনপির চেয়ারপারসন ওই প্রস্তাবে সাড়া দিলেও আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি। ফলে জাতিসংঘের মহাসচিবের এই উদ্যোগের অবসান হয়েছে।’ তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব বিএনপিকে আমন্ত্রণ জানাননি বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল মোমেন যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। আবদুল মোমেন সঠিকভাবে বিষয়টি তুলে না ধরে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরাট বহর নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘে গেছেন। সেখানে তিনি জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন। বিএনপি আশা করে, চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী উদ্যোগ নেবেন এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করবেন। তিনি বলেন, ‘আমরা জেনেছি, প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। আশা করব, প্রধানমন্ত্রী ওই বৈঠকে তিস্তা নদীর পানিবণ্টনের বিষয়টি ভারতের কাছে তুলে ধরবেন। সীমান্তে হত্যা বন্ধ ও সীমান্তে দখল হওয়া আমাদের ভূমির সমস্যাসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ের সমাধান নিয়ে আসবেন।’
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) সরকারের প্রতিষ্ঠিত একটি ‘ভুঁইফোড়’ সংগঠন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়। বিএনএফকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশন মরিয়া হয়ে উঠেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচজনের বিরুদ্ধে তথ্যমন্ত্রীর বাসায় হামলার ঘটনায় মিথ্যা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।