সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করছে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বর্তমান সরকার সমাজের অসহায় মানুষকে আর্থিকভাবে সহায়তা করার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করছে। বর্তমান সরকার দুস্থ, বয়স্ক, বিধবা, অসচ্ছল, প্রতিবন্ধী ও জটিল রোগে আক্রান্ত মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।’
সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি ঢাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে বক্তব্য দেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ড ও মানুষের জীবন–জীবিকা বিপর্যস্ত। কিন্তু প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের কারণে এই মহামারিকালেও মানুষ অন্নের অভাবে নেই। মানুষ যাতে না খেয়ে কষ্ট না পায়, সরকার সে বিষয়ে সম্ভাব্য সবকিছু করছে। করোনাভাইরাসের কারণে উন্নয়নমূলক কাজ সাময়িক স্থগিত থাকলেও অচিরেই তা পুরোদমে শুরু হবে।’
সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমেদ খান। এতে বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান প্রমুখ। অনুষ্ঠানে ৩৫৯ জনের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়।