সরকার সুশৃঙ্খল ও শক্তিশালী সশস্ত্র বাহিনী চায়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনজীবনে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা যেকোনো দেশের উন্নয়নের পূর্বশর্ত। সশস্ত্র বাহিনীর ব্যাপারে সরকারের সুস্পষ্ট ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি রয়েছে। তাঁর সরকার একটি দক্ষ, সুশৃঙ্খল, সুসজ্জিত ও শক্তিশালী সশস্ত্র বাহিনী চায়।প্রধানমন্ত্রী গতকাল রোববার নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চম ইঞ্জিনিয়ারিং কোরের পুনর্মিলনী ও কমান্ডার সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর উঁচু মানের পেশাগত দক্ষতার জন্য শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। আপনাদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই অবস্থান ধরে রাখতে হবে, যা কেবল কঠোর প্রশিক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে অর্জন করা সম্ভব।’সামরিক জীবনে প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞানার্জন হয় আর জ্ঞানার্জনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। শেখ হাসিনা বলেন, ‘আমার বিশ্বাস, সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে পঞ্চম ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর দায়িত্বের পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করবেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘সব স্তরের কমান্ডারদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাঁদের প্রতি আনুগত্য থাকলে যেকোনো কাজ দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে করা যায়। আশা করছি, নেতৃত্বের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে সব কাজে আপনারা এগিয়ে যাবেন।’এর আগে প্রধানমন্ত্রী সেনানিবাসের একটি সুসজ্জিত চৌকস দলের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।এ সময় অন্যান্যের মধ্যে সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, কর্নেল কমান্ড্যান্ট কোর অব ইঞ্জিনিয়ার্স লে. জেনারেল আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।