সরকার সেনাবাহিনীকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার সেনাবাহিনীকে দুর্বল করতে চায়। এ জন্য পত্রিকায় বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করার ষড়যন্ত্র করছে। বিএনপি এটা কখনো মেনে নেবে না। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে ঢেলে সাজাবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল বিজয়ী ড. ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে অনেক অপমান করেছেন। এখন আবার তাচ্ছিল্য করার জন্য বললেন, তাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট করতে প্রস্তাব দিয়েছেন। জনগণ বোঝে ড. ইউনূসকে নিয়ে সরকার সমস্যায় আছে। কারণ বিশ্ববরেণ্য এই ব্যক্তিকে নিয়ে প্রধানমন্ত্রীর টানাহেঁচড়া বিশ্ববাসীকে হতাশ করেছে।সভায় এলডিপির ভারপ্রাপ্ত সভাপতি রেদোয়ান আহমেদ বলেন, এলডিপি বিএনপির সহযোগী নয়, সহযোদ্ধা হিসেবে যুদ্ধ করতে চায়। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আমাদের কী খবর করবেন। আপনার খবর নিয়েই টানাটানি লেগে যাবে।’সভা পরিচালনা করেন এলডিপির যুগ্ম মহাসচিব শাহাদত হোসেন। অন্যান্যের মধ্যে দলের মহাসচিব জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দিদার বখত, মামদুদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।