সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার স্বস্তিতে দেশ চালাচ্ছে। সরকারের জন্য এ মুহূর্তে বিএনপি অস্বস্তির কারণ নয়। কাজেই ক্ষমতায় থাকতে কোনো দল ভাঙার গরজ নেই সরকারের।
গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় একটি পদচারী-সেতুর উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবার ঈদের আগে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরেছিল, এখন আবার স্বস্তিতে কর্মস্থলে ফিরছে।
ওবায়দুল কাদের বলেন, ‘যেভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ খাতসহ সর্বক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, তাতে আমরা আশা করছি আগামী দু-তিন বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে।’
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।