সরকার স্বাস্থ্যসেবা সহায়তা ট্রাস্ট তহবিল করবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একটি স্বাস্থ্যসেবাসহায়তা ট্রাস্ট তহবিল গঠনের কথা বিবেচনা করছে।প্রধানমন্ত্রী গতকাল বুধবার সকালে তাঁর কার্যালয়ে কমিউনিটি হেলথকেয়ার পুনরুজ্জীবন কাউন্সিলের জাতীয় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলের মতো একটি স্বাস্থ্যসেবাসহায়তা ট্রাস্ট তহবিল গঠনের কথা বিবেচনা করছি। শিক্ষাসহায়তা ট্রাস্ট তহবিলের মতো স্বাস্থ্যসেবা ট্রাস্ট তহবিলেও অনুদান করমুক্ত হবে।’বৈঠকে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কর্মকাণ্ড ও এর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবা পুনরুজ্জীবনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার পূর্ববর্তী মেয়াদে (১৯৯৬-২০০১) কমিউনিটি ক্লিনিক চালু করে। ওই সময় ১১ হাজার ক্লিনিকের অবকাঠামো নির্মিত হয় এবং চার হাজারের নির্মাণকাজ চলছিল। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পল্লির জনগণকে স্বাস্থ্যসেবার সুবিধা থেকে বঞ্চিত ও জনগণের অর্থের অপচয় করতে রাজনৈতিক প্রতিহিংসায় এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, সমাজসেবামন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।