বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস, পানি ও বিদ্যুৎ-সংকটে দেশের মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এসব সমস্যার সমাধান করতে না পারলে অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ করার দাবি জানিয়েছেন তিনি।গতকাল রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতেও বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিচারিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমূলক যে মামলা করেছে, জাতীয় নির্বাহী কমিটির সভায় এর বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সভায় এসব ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।