সরকার হত্যার রাজনীতি বেছে নিয়েছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নিজেদের দুরবস্থার কথা টের পেয়ে হত্যার রাজনীতি বেছে নিয়েছে। তারা বিরোধী মতকে ধ্বংসের চিন্তা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আইনজীবী এম ইউ আহমেদকে পুলিশ হেফাজতে নির্যাতন করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপি এই অভিযোগ করে।সমাবেশে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে আইনজীবী এম ইউ আহমেদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন বিএনপির নেতারা।বিএনপি গতকাল দেশব্যাপী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করে।নয়াপল্টনে কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণ ফুঁসে উঠেছে। এ সরকারের পতন এখন নিশ্চিত। তারা জনগণকে দেওয়া একটি প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি। আর পারবেও না। তাই বিরোধী মতকে ধ্বংসের চিন্তা করছে সরকার।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, হাসপাতাল থেকে কাউকে না জানিয়ে ময়নাতদন্তের জন্য এম ইউ আহমেদের লাশ নিয়ে যাওয়ার ঘটনা বিরল। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনকে কারসাজির মাধ্যমে পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে সরকার।সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী প্রমুখ।