সরকার হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস বলেছেন, সরকার সংবিধানের দোহাই দিয়ে জনগণকে ‘হাইকোর্ট’ দেখানোর চেষ্টা করছে। হাইকোর্টের রায়ের আলোকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংশোধনী আনা হয়েছে। সরকার আসলে হাইকোর্টের দেওয়া রায়ের চাতুর্যপূর্ণ ব্যবহার করছে। কারণ, সেখানে প্রয়োজনে আরও দুবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বলা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বাসদ নেতা এ কথা বলেন।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদের নেতা কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব, সিপিবির নেতা বিমল কান্তি দাস ও আবদুল হাই শরীফ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।