প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার অবৈধ ক্ষমতা দখলের বিরুদ্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন এবং মানবতাবিরোধী অপরাধের বিচারে দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে তাঁকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এ প্রসঙ্গে তিনি বিএনপির এক নেতার হুমকি ‘বাবার পরিণতি হবে’ এই বক্তব্যের জবাবে বলেন, ‘আমি ভয় পাই না, হায়াত-মউত আল্লাহর হাতে। আল্লাহ যতদিন আমার হায়াত দিয়েছেন, ততদিন কেউ আমার কিছু করতে পারবে না।’ খবর বাসসের।গত মঙ্গলবার গণভবনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়েছিল, ২১ আগস্টের গ্রেনেড হামলার আগেও এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছিল। শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাকে দিয়ে কিছু দায়িত্ব পালন করাতে চান বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।’ তিনি বলেন, কোনো বাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণের জন্য কে কী কাজ করেছেন, ’৭১-এ কার কী ভূমিকা ছিল, জনগণ তা জানে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লাহ মোহাম্মদ কাওসার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বেচ্ছাসেবক লীগের ব্যাজ পরিয়ে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক বাহিনী এবং পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবক লীগের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কল্যাণমূলক কাজ করে তাদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন। এরপর নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা এবং অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য দল গঠন করে নির্বাচনের নামে জিয়াউর রহমানের প্রহসনের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যে দলের জন্ম অবৈধ পথে তাদের দ্বারা জনগণের কল্যাণে কোনো কাজ হতে পারে না।