সরকার ১৮ বছরের নিচে শিশুর বিয়ে চায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী বলেছেন, সরকার চায় না ১৮ বছরের নিচে কোনো শিশুর বিয়ে হোক। গতকাল সোমবার গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বাল্যবিবাহ নিয়ে সরকারের অবস্থানের কথা জানান।
ডাচ সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশের গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর তিনটি ইউনিয়নে বিবাহিত শিশুদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে ‘ইমেজ’ (ইনিশিয়েটিভস ফর ম্যারিড অ্যাডলসেন্ট গার্লস এম্পাওয়ারমেন্ট) নামের একটি প্রকল্প কাজ শুরু করেছে।
ইমেজ প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, ‘১৮ বছরের নিচে সবাই শিশু। এ বয়সের নিচে কারও বিয়ে হবে না, এটিই সরকারের অবস্থান। তবে বিয়ের আগে যদি কোনো শিশু গর্ভধারণ করে, বাংলাদেশের প্রেক্ষাপটে সেই সমস্যা সমাধানে কী করা যায়, তা বিবেচনা করার অনুরোধ রইল।’
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম একই জায়গায় একই ইস্যুতে একাধিক বেসরকারি সংস্থাকে কাজ না করার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশ মা ও শিশু মৃত্যুর হার কমিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কৈশোরে গর্ভধারণ একটা বিরাট সমস্যা। অল্প বয়সে সন্তান ধারণের জন্য মায়েরা ভুগছেন, অপুষ্ট শিশু জন্ম নিচ্ছে।
অনুষ্ঠানে ইমেজ প্রকল্পের পরিচালক ফারহানা জেসমিন হাসান রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার ৯০০ বিবাহিত শিশুর ওপর পরিচালিত একটি জরিপের তথ্য উপস্থাপন করেন। ওই জরিপে দেখা গেছে, বিবাহিত শিশুদের প্রায় ৮১ শতাংশেরই বিয়ে নিবন্ধন হয়েছিল প্রাপ্তবয়স্ক হিসেবে।