সরকার ২৩ টাকা দরে ধান কিনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বোরো মৌসুমে সরকার কৃষকের কাছ থেকে ২৩ টাকা কেজি দরে ধান এবং ৩২ টাকা দরে চাল সংগ্রহ করবে। আগামী ৫ মে থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট ২০১৬ পর্যন্ত। গতকাল রোববার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে সাত লাখ মেট্রিক টন ধান এবং ছয় লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর ৩২ টাকা দরে ১০ লাখ মেট্রিক টন চাল এবং ২২ টাকা দরে এক লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করে সরকার।
এবার প্রতি কেজি বোরো ধান উৎপাদনে কৃষক পর্যায়ে খরচ হয়েছে ২০ টাকা ৭০ পয়সা। আর প্রতি কেজি চাল উৎপাদনে ২৯ টাকা খরচ হয়েছে। গত বছর ধানের উৎপাদন খরচ ছিল কেজি প্রতি ২০ টাকা এবং চালে ২৭ টাকা ৫০ পয়সা।
সভায় জানানো হয়, বর্তমানে খাদ্য মজুত আছে ১০ লাখ ৭৪ হাজার ৪৩১ মেট্রিক টন।
সভা শেষে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কৃষকের লাভের কথা চিন্তা করেই অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার বেশি পরিমাণে ধান সংগ্রহ করা হবে।
খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ কমিটির সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।