সরকার মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবি শংকর, মাদার তেরেসা, লতা মঙ্গেশকর, জর্জ হ্যারিসন, লিওনিদ ব্রেজনেভ, মার্শাল টিটো, ফিদেল কাস্ত্রোসহ বিশ্বের ১২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানাবে। ২৭ মার্চ এই সম্মাননা দেওয়া হবে।জাতীয় সংসদে গতকাল সোমবার সাধনা হালদারের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এ তথ্য জানান। ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।তাজুল ইসলাম জানান, যাঁদের সম্মাননা দেওয়া হবে তাঁদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী এবং বিশিষ্ট নাগরিক রয়েছেন। সম্মাননা দেওয়ার জন্য তালিকা প্রণয়ন কমিটি ১২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেছে। গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী এ তালিকা অনুমোদন করেন। তালিকায় থাকা ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ফিল্ড মার্শাল এস এ এম মানেকশ, লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, লে. জেনারেল জ্যাকব, জেনারেল উবান, করণ সিং, জ্যোতি বসু, ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবি শংকর, মাদার তেরেসা, লতা মঙ্গেশকর, অধ্যাপক দিলীপ চক্রবর্তী, ওয়াহিদা রেহমান, সুনীল দত্ত, নার্গিস দত্ত, জে পি নারায়ণ, গৌরী প্রসন্ন মজুমদার, অন্নদা শংকর রায়, জগজীবন রাম, কাইফি আজমী, ভুপেন হাজারিকা, অরুন্ধতী ঘোষ, মানিক সরকার, মহারানি বিভা কুমারী দেবী, সিদ্ধার্থ শংকর রায়, দেব দুলাল বন্দ্যোপাধ্যায়, পি এন হাকসার। তালিকায় থাকা অন্য দেশের ব্যক্তিত্বদের মধ্যে আছেন: লিওনিদ ব্রেজনেভ (রাশিয়া), আলেক্সি নিকোলেভিচ কোসিগিন (রাশিয়া), আদ্রেঁ গ্রেমিকো (রাশিয়া), এডওয়ার্ড মুর কেনেডি (যুক্তরাষ্ট্র), অ্যানা ব্রাউন টেইলর (যুক্তরাষ্ট্র), আর্চার কে ব্লাড (যুক্তরাষ্ট্র), লিয়ার লেভিন (যুক্তরাষ্ট্র), অ্যালেন গিনসবার্গ (যুক্তরাষ্ট্র), সায়মন ড্রিং (যুক্তরাজ্য), মার্ক টালি (যুক্তরাজ্য), মার্শাল জোসেফ ব্রজ টিটো (যুগোস্লাভিয়া), তাকাশি হায়াকাওয়া (জাপান), বিপি কৈরালা (নেপাল), ফিদেল কাস্ত্রো (কিউবা), এরিক হোনেকার (জার্মানি), ভিক্টোরিয়া ওকাম্পো (আর্জেন্টিনা), জে কেনেথ গনব্রেথ (যুক্তরাষ্ট্র), জর্জ হ্যারিসন (যুক্তরাজ্য), বিমান মল্লিক (যুক্তরাজ্য)।তালিকায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: সাবেক সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ১৭ সদস্যের পলিটব্যুরো, রেডক্রস, বিবিসি, জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর), আকাশবাণী, অক্সফাম এবং ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব সাউথ ভিয়েতনাম।তাজুল ইসলাম জানান, এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের ২৫ জুলাই ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা দেওয়া হয়। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন ভারতের কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী।