সরকার ‘গণহত্যা কর্মসূচি’ পালন করছে: বিএনপি
দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে সরকার এখন ‘গণহত্যা কর্মসূচি’ পালন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। তিনি এর প্রতিবাদে বিএনপির ডাকা আজকের সকাল-সন্ধ্যা হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।মির্জা ফখরুল দাবি করেন, ‘গত কয়েক দিনে শতাধিক লোককে হত্যা করা হয়েছে। এর মধ্যে নারী, শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি। পুলিশ-র্যাব ও বিজিবির লোমহর্ষক হত্যাকাণ্ডে জাতি আজ স্তম্ভিত। সারা দেশে দখল, লুটপাট আর রক্তপাত ঘটিয়ে দেশে এক নতুন ধরনের আওয়ামী রাজনীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করা হচ্ছে।’‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করা হবে: বিএনপির ডাকা হরতালকে কেন্দ্র করে সারা দেশে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও বাসাবাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, সরকারের গণহত্যা ও দমন-নিপীড়নের বিরুদ্ধে ফরাসি বিপ্লবের মতো ‘কমিটি ফর পাবলিক সেফটি’ গঠন করে প্রতিরোধ গড়ে তোলা হবে।