জিয়াউর রহমান সম্পর্কে আদালতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজের দেওয়া বক্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, সরকার ‘ভাড়াটে’ বিদেশি সাংবাদিক এনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন দলের সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন। এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারও একই অভিযোগ করেন।১৯৭৬ সালে সামরিক আদালতে লে. কর্নেল আবু তাহেরের গোপন বিচার এবং এরপর তাঁকে ফাঁসিতে ঝোলানো—এসব কিছু জিয়াউর রহমানের ইচ্ছাতেই হয়েছিল বলে গত সোমবার হাইকোর্টে বক্তব্য দেন মার্কিন সাংবাদিক লিফশুলজ।স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় এম কে আনোয়ার বলেন, ‘সরকার ভাড়াটে সাংবাদিক এনে জিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বঙ্গবন্ধু ও কর্নেল তাহের হত্যার সঙ্গে জিয়া জড়িত ছিলেন না। লিফশুলজের বক্তব্য সঠিক নয়। তিনি মিথ্যাচার করেছেন।’ তিনি বলেন, তাহেরের বিচার হয়েছিল সামরিক আদালতে। সেখানে কোনো সাংবাদিকের প্রবেশের সুযোগ ছিল না। তাহলে মার্কিন সাংবাদিক কীভাবে জানলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া জড়িত?এম কে আনোয়ার বলেন, ‘ওই সময় তাহেরের নেতৃত্বে ক্ষমতা দখলের জন্য অনেককে হত্যা করা হয়েছিল। সেই অপরাধে সামরিক আদালতে তাহেরের বিচার হয়েছিল। সরকার পার্শ্ববর্তী দেশের কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিতে পাঁয়তারা করছে। মেজর মঞ্জুরের রেফারেন্সে লিফশুলজ যেসব কথা বলছেন, জিয়া হত্যার সঙ্গে সেই মঞ্জুর জড়িত ছিলেন। এভাবে মিথ্যাচারের মাধ্যমে জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না।’আয়োজক সংগঠনের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, সাংসদ রেহানা আক্তার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অপর্ণা সেন, রফিক শিকদার প্রমুখ।স্বাধীনতা দিবসের কর্মসূচি চূড়ান্ত করতে গতকালের বিএনপির যৌথ সভায় মার্কিন সাংবাদিক লিফশুলজকে দিয়ে সরকার ও ষড়যন্ত্রকারী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়াউর রহমানের ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কর্নেল তাহের হত্যার প্রহসনের বিচার করতে চায় সরকার। মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে হেয় করতে ভাড়াটে সাংবাদিক দিয়ে মিথ্যাচার করাচ্ছে সরকার।’১০ দিনের কর্মসূচি: যৌথ সভায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি চূড়ান্ত করে বিএনপি। সভা শেষে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ বিএনপির উদ্যোগে আলোচনা সভা। ২৬ মার্চ সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং খালেদা জিয়ার নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। একই দিন সকাল নয়টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল। এ ছাড়া জাসাসের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ২৭ মার্চ বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ২৮ মার্চ ছাত্রদল, ৩১ মার্চ তাঁতীদল, ১ এপ্রিল কৃষক দল এবং ৪ এপ্রিল শ্রমিক দল আলোচনা সভার আয়োজন করবে। শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে যৌথ সভায় দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হালিম, জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁতীদলের ১১ দফা: তাঁতশিল্পের সমস্যা সমাধানের জন্য ১১ দফা দাবি তুলে ধরেছে জাতীয়তাবাদী তাঁতীদল। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তাঁতীদলের সভাপতি হুমায়ুন ইসলাম খান। এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।