সরকারই সংঘাত ডেকে আনছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারবার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারই সংঘাত ডেকে আনছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো বিশৃঙ্খলা চায় না। কোনো সমস্যা তৈরি করতে চায় না। বিএনপি বারবার সরকারকে আলোচনার আহ্বান জানাচ্ছে। আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় এলে কোনো সমস্যা নেই। কিন্তু সরকারের মন্ত্রীরা বারবার বলছেন, আলোচনার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ এসব বলে তাঁরাই সংঘাত ডেকে আনছেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, এবার আন্দোলনে ঢাকাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যে দলের স্থায়ী কমিটি এবং জোটের বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঠিক করা হবে। এখন বিএনপি জনসম্পৃক্ততা ও বৃহত্তর ঐকমত্য সৃষ্টির কাজ করছে। আন্দোলনের কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও তিনি জানান।
আন্দোলন বন্ধ হবে না: মির্জা আব্বাস
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, তাঁদের আন্দোলন হবে অহিংস। সব নেতা-কর্মীকে জেলে নিলেও আন্দোলন বন্ধ হবে না।
গত বুধবার মির্জা আব্বাসের বাসায় মহিলা দলের নেতা-কর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এ কথা বলেন। মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানার নেতৃত্বে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেত্রীরা মির্জা আব্বাসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান।