প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সর্প আপনারা, আপনারাই দংশন করে পুরো দেশকে নীল করে ফেলেছেন। এখন আবার রামুতে টাকাপয়সা দিয়ে ওঝা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন।’গতকাল সোমবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের গণমিছিল কর্মসূচি শুরুর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। এর আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমি বিএনপির নেত্রীকে বলব, আপনি সর্প হয়ে দংশন করেন আর ওঝা হয়ে ঝাড়েন। এই খেলাটা বন্ধ করেন।’ এর জবাবে মির্জা ফখরুল উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, ‘এসব বলে লাভ হবে না, দেশের মানুষ আপনাদের চিনে গেছে।’ সরকারের মন্ত্রী-সাংসদদের সমালোচনা করে বিএনপির মুখপাত্র বলেন, তাঁদের বক্তব্যে মনে হচ্ছে, তাঁরা দেশটাকে ইজারা নিয়েছেন। এখানে তাঁরাই থাকবেন, আর কেউ থাকতে পারবে না।মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী একটি নিবন্ধিত রাজনৈতিক দল। কিন্তু তাদের মাঠেই নামতে দেওয়া হচ্ছে না। শান্তিপূর্ণ কোনো কর্মসূচি করতে দেওয়া হয় না। তিনি সরকারের কাছে জানতে চান, কোন আইনে এটি করা হচ্ছে।‘সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনদুর্ভোগের’ প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা সদরে গণমিছিল কর্মসূচি পালন করে ১৮ দলীয় জোট। ঢাকার কর্মসূচিতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বেলা চারটার দিকে মিছিল শুরু হয়ে তা মগবাজার মোড়ে এসে শেষ হয়। এর আগে দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। একপর্যায়ে বিজয়নগর, নয়াপল্টন, ফকিরাপুল পর্যন্ত রাস্তা নেতা-কর্মীদের দখলে চলে যায়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাইরে ১৮ দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে জামায়াত ও এর ছাত্রসংগঠন শিবিরের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা জামায়াতের আটক নেতাদের মুক্তি দাবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সরকারবিরোধী নানা স্লোগান দেয়। কর্মসূচি চলাকালে নয়াপল্টন থেকে মগবাজার মোড় পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন ছিল। গণমিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, সদস্যসচিব আবদুস সালাম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, হামিদুর রহমান আযাদ ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমসহ ১৮ দলীয় জোটের নেতারা কর্মসূচিতে অংশ নেন।বিরোধী জোটের এ কর্মসূচির কারণে গতকাল বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজধানীর ফকিরাপুল থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে চাপ পড়ে আশপাশের এলাকার রাস্তায়। মগবাজার, রামপুরা, মহাখালী, পল্টনসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।