সরকারকে অবৈধ বলা উদ্ভট মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ অক্টোবর থেকে সরকার অবৈধ হয়ে গেছে বলে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মন্তব্যকে উদ্ভট ও সব জ্ঞান-বুদ্ধির বাইরে বলে অভিহিত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির দুই দিনের সভার প্রথম দিনে গতকাল শুক্রবার বক্তারা এ কথা বলেন।
সভায় নির্বাচনকালীন সরকার সম্পর্কে সব প্রস্তাব নিয়ে যত দ্রুত সম্ভব সরকার ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার আহ্বান জানানো হয়। সভায় বলা হয়, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপের মাধ্যমে সমঝোতায় পৌঁছানো জরুরি।
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন, এটা আরেকবার স্পষ্ট হলো যে খালেদা জিয়া সংবিধান সম্পর্কে কেবল অজ্ঞ নন, তিনি কোনো প্রকার সংবিধান ও সাংবিধানিক ধারাবাহিকতা মানেন না। নির্বাচনকালীন সরকার সম্পর্কে তাঁর পাল্টা প্রস্তাবও একই রকম অসাংবিধানিকভাবে দেওয়া হয়েছে।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলা হয়, এই নির্বাচন কেবল সরকার গঠন ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার সঙ্গে জড়িত নয়। এর সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নও জড়িয়ে গেছে। বাংলাদেশের অস্তিত্বের এই মৌলভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শাসনব্যবস্থা।
সভায় পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ওপর প্রতিবেদন উত্থাপন করেন। অন্যান্যের মধ্যে সভায় বিমল বিশ্বাস, নুরুল হাসান, ফজলে হোসেন বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।