সরকারকে আন্তর্জাতিক আদালতে গুপ্তহত্যার জবাব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, গুপ্তহত্যা চালানোর জন্য আওয়ামী লীগ সরকারকে আন্তর্জাতিক আদালতে জবাব দিতে হবে। বড়দিন উপলক্ষে গতকাল বুধবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। বাংলাদেশ খ্রিষ্টান সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমিতির মহাসচিব আলবার্ট পি কস্তা।দেশজুড়ে গুপ্তহত্যার জন্য সরকারকে দায়ী করে বিএনপির চেয়ারপারসন বলেন, জনগণ তাদেরকে (আওয়ামী লীগ) বারবার ছেড়ে দেবে না। স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগের সরকারের আমলে মুক্তিযোদ্ধাসহ ৪০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। বিএনপির নেত্রী বলেন, এই হত্যাকাণ্ডের জন্য তাদের (আওয়ামী লীগ) জনগণের কাছে জবাব দিতে হবে। ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ওই কর্মসূচি ভণ্ডুল করে দিতে সরকার এই সন্ত্রাসী তৎপরতা চালিয়েছিল। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, গোপন কোনো দল নয়। পূর্বঘোষণা ছাড়া এই দল কোনো কর্মসূচির আয়োজন করে না। তাঁদের ওই অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। বিরোধীদলীয় নেতা বলেন, তাঁর সরকারের আমলে আওয়ামী লীগ ১৭৩ দিন হরতাল পালন করেছিল। সে ক্ষেত্রে গত তিন বছরে বিএনপি হরতাল পালন করেছে মাত্র সাত দিন। দেশের বর্তমান পরিস্থিতি খুব খারাপ উল্লেখ করে খালেদা জিয়া দেশ রক্ষায় সব ধর্মের মানুষের ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮-৯ জানুয়ারি বিএনপির রোডমার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, চট্টগ্রাম থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। খালেদা জিয়া বলেন, গত তিন বছরে বর্তমান সরকারের কোনো সাফল্য ও অর্জন নেই। এই সরকার কোনো নির্বাচনী অঙ্গীকারই পূরণ করতে পারেনি। ইউএনবি।