পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা পার্বত্য অঞ্চলের আদিবাসী ও স্থায়ী বাঙালিদের আবারও আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি শুক্র ও শনিবার বান্দরবানের থানচি উপজেলায় বিভিন্ন জনসভায় এ আহ্বান জানান।ওই সব জনসভায় জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কোনো সদিচ্ছা নেই। এ জন্য এ অঞ্চলের স্থায়ী অধিবাসীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে সরকারকে আন্দোলনের মাধ্যমে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে।জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় বান্দরবানের থানচি উপজেলায় দুদিনের সফরে এসে বলীপাড়া বাজারে জনসভায় ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। তিনি উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁর সঙ্গে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, থানচি উপজেলা চেয়ারম্যান কামলাই ম্রো, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান গণবিজ্ঞপ্তি জারি ও ভূমি জরিপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন উল্লেখ করে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, সরকারের একটি মহলের ইঙ্গিতে ভূমি নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান এসব করছেন।