সরকারকে আবারও সময় দিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা
পৃথক বেতন কাঠামো ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের জন্য সরকারকে আবারও সময় দিয়েছেন আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ২১ নভেম্বর পর্যন্ত সময় দিয়ে তাঁরা বলছেন, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২২ নভেম্বর থেকে ‘স্বয়ংক্রিয়ভাবে’ লাগাতার কর্মবিরতি শুরু হবে।
আজ রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার সিদ্ধান্তের কথা জানিয়ে ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল প্রথম আলোকে বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁদের জানিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এ ছাড়া বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও হয়েছে। এর ফলে প্রক্রিয়াটি শুরু হলো। এ জন্য ২১ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কোনো ঘোষণা ছাড়াই ২২ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হবে। তবে প্রয়োজনে জরুরি সভা করে ফেডারেশন নতুন সিদ্ধান্ত নেবে।
এদিকে শিক্ষকদের বেতন সংক্রান্ত জটিলতাসহ অষ্টম বেতন স্কেলের অন্যান্য জটিলতা নিরসনের জন্য বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক আজই অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেছেন, বর্তমানে সরকারি-কর্মকর্তা-কর্মচারীরা যে সুযোগসুবিধা পাচ্ছেন; তার কিছুই কমানো হবে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো ও গ্রেড সমস্যা নিরসনের জন্য গত প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গত ৬ অক্টোবর শিক্ষক নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে দাবি পূরণের জন্য ৩০ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন। এই সময়ের শেষ দিন ৩০ অক্টোবর আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব মাকসুদ কামাল বৈঠক করেন। এই বৈঠকে তাঁদের জানানো হয়, আজ (১ নভেম্বর) বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা। এ কারণে তাঁরা আজ সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। এখন ২১ নভেম্বর পর্যন্ত সময় দিলেন।
আজকের সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ওপর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফেডারেশনের সিদ্ধান্ত উপেক্ষা করে ভর্তি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দেওয়ায় ওই সমিতিকে সাময়িক বহিষ্কার করা হয়।
এদিকে গ্রেড সমস্যা নিরসনসহ সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বহালের দাবিতে আজ দুপুরে শিক্ষাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হয়।