সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিকভাবে ‘রামসার সাইট’ ঘোষিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি, পরিবেশের উন্নয়ন ও ব্যবস্থাপনায় সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
টাঙ্গুয়ার হাওরে ‘সামাজিক তহবিল ব্যবস্থাপনা হস্তান্তর এবং সংগঠনের ভবিষ্যৎ ব্যবস্থাপনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান।
গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে প্রকৃতি সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এই সভার আয়োজন করে।
হাওরে আইইউসিএনের সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিজিবির ২৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুব আলম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মো. সুলতান আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বেসরকারি সংস্থা ইরার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, টাঙ্গুয়ার হাওরপারের বাসিন্দা গোলাম নূর, আবদুস সাত্তার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন আইইউসিএনের প্রকল্প কর্মকর্তা মেহেদী হাসান।
তাহিরপুর ও ধরমপাশা উপজেলা চারটি ইউনিয়ন নিয়ে এই হাওরের অবস্থান। আয়তন সাড়ে নয় হাজার হেক্টর হলেও বর্ষায় এই আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় ২০ হাজার হেক্টরে।
এই হাওরের ওপর ৮৫টি গ্রামের জীবিকা নির্ভরশীল। হাওরটি ২০০৩ সাল থেকে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসার রয়েছে হাওরের সম্পদ পাহারায়। ২০০৫ সাল থেকে হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও হাওরপারের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে জেলা প্রশাসন ও আইইউসিএন।
সভায় অধিকাংশ বক্তারা টাঙ্গুয়ার হাওরের সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, হাওরের পরিবেশ-প্রতিবেশের দৃশ্যত কোনো উন্নয়ন হয়নি। বরং হাওরে গাছ, মাছ, পাখি কমেছে। জীববৈচিত্র্য হুমকির মুখে আছে। হাওরে অবাধে চলছে মাছ চুরি। বনজ সম্পদ উজাড় হয়ে যাচ্ছে। প্রশাসন হাওরের সম্পদ রক্ষায় ব্যর্থ হয়েছে। তাই টাঙ্গুয়ার হাওরের উন্নয়ন ও সম্পদ রক্ষায় সরকারকে আরও আন্তরিক হতে হবে।
হাওরপারের বাসিন্দা গোলাম নূর বলেন, ১০ বছরের ব্যবস্থাপনায় হাওরের কোনো উন্নয়ন হয়নি। টাঙ্গুয়ার হাওরে এখন পানি ছাড়া আর কিছুই নেই। এই হাওর ছিল মাছের মা, কিন্তু এখন মাছ নেই। হাওরে পাখি আসে না। শুধু বড় বড় প্রকল্প হয়েছে, বরাদ্দ এসেছে কোনো বাস্তবে হাওরের কোনো উন্নয়ন হয়নি। স্থানীয় মানুষজন হতাশ।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান বলেন, যেকোনো কাজেই স্বচ্ছতা ও জবাবদিহি থাকা প্রয়োজন। টাঙ্গুয়ার হাওর শুধু এই জেলার নয়, এটি দেশের সম্পদ। এই হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও হাওরপারের মানুষের জীবনমানের উন্নয়নে যাঁরা কাজ করছেন, তাঁদের সবার মধ্যে সমন্বয় দরকার।