সরকারকে আরও সতর্ক হতে হবে: মিজানুর

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে সরকারকে আরও বেশি সতর্ক থাকার কথা বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাহতে নিহত পুলিশের সহকারী উপপরিদর্শক ইব্রাহিম মোল্লার পরিবারকে সান্ত্বনা দিতে আজ সোমবার দুপুরে তাঁর গ্রামের বাড়ি কচুয়া উপজেলার পালপাড়া গ্রামে এসে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘কোনো না কোনো মহল থেকে আমাদের দেশে বর্তমানে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টির জন্য এমন একটি সময়কে বেছে নেওয়া হয়েছে, যখন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর হওয়ার সময় আসন্ন। বিষয়গুলোকে বিচ্ছিন্ন হিসেবে দেখলে হবে না। আমার কাছে মনে হয়, এগুলোর মধ্যে অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। এ জন্য সরকারকে আরও বেশি সতর্ক হতে হবে।’
মিজানুর রহমান বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে কোনো রকম কালক্ষেপণ ও বিলম্বের সুযোগ নেই। যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষে করতে যত বেশি সময় নেওয়া হবে, রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে অপপ্রচার চালাতে শত্রুদের তত বেশি সময় দেওয়া হবে।’
সন্ত্রাসের ভৌগোলিক সীমারেখা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ইব্রাহিমের হত্যাকারীরা শুধু দেশ ও জাতির শত্রু না, তারা বিশ্ব সভ্যতারও শত্রু। মানব জাতির শত্রু। তাদের আন্তর্জাতিকভাবে দমন করতে হবে। আমরা কখনোই সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ করব না।’
বিদেশিদের সতর্কবার্তা প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, বিভিন্ন রাষ্ট্রে বিদেশি হত্যার ঘটনা ঘটলেও সেখানে বিদেশি নাগরিকদের চলাচলে নিষেধাজ্ঞা জরি করা হচ্ছে না। কিন্তু বিচ্ছিন্ন ঘটনায় আমাদের দেশে বিদেশি নাগরিক হত্যার পর বিভিন্ন রাষ্ট্র তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলের ওপর ‘রেড অ্যালার্ট ‘জারি করছে। এর মধ্য দিয়ে তারা সাধারণের মাঝে ভীতি সৃষ্টি করছে।
সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, যাঁরা অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভীতি সঞ্চার করতে চাইছে এবং যে রাষ্ট্র তা অবলম্বন করে বাড়তি কিছু সতর্কতা জারি করার চেষ্টা করছে, এই দুইয়ের মধ্যে কোনো ধরনের সমন্বয় থাকতে পারে কি না তা ভেবে দেখা দরকার।
নিহত এ এস আই ইব্রাহিম মোল্লার আত্মত্যাগের কথা স্মরণ করে মিজানুর রহমান বলেন, ‘মানবাধিকার কমিশন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পুলিশের যেকোনো ধরনের অবহেলা বা ব্যর্থতার কঠোর সমালোচনা করে থাকে। পাশাপাশি পুলিশের বীরত্বপূর্ণ অবদানকেও মানবাধিকার কমিশন সম্মান করতে চায়। আমি এ জন্যই আজ ইব্রাহিমের বাড়িতে ছুটে এসেছি। ইব্রাহিম নিজের প্রাণ দিয়ে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকিয়ে আমাদের সাবধান করে, জাতিকে ঋণী করে গেছেন।’
তিনি ইব্রাহিমের স্ত্রী-পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা ও দুই শিশু সন্তানের লেখাপড়া নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকার ও রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।