পৃথক বেতনকাঠামোর জন্য দ্রুত কমিশন গঠন ও অষ্টম বেতন স্কেলে গ্রেড সমস্যা নিরসনের জন্য সরকারকে ২১ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আন্দোলনরত সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাঁরা বলছেন, এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ২২ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হবে।
গতকাল রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এই সভা হয়।
সভার সিদ্ধান্তের কথা জানিয়ে ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তাঁদের জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। এ ছাড়া বেতনবৈষম্য নিরসন-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকও শুরু হয়েছে। এর ফলে বৈষম্য নিরসনের প্রক্রিয়াটি শুরু হলো। এই কারণে ২১ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কোনো ঘোষণা ছাড়াই ২২ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হবে। আর প্রয়োজন হলে ফেডারেশনের জরুরি সভা করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পৃথক বেতনকাঠামো ও গ্রেড সমস্যা নিরসনের জন্য প্রায় পাঁচ মাস ধরে আন্দোলন করছেন শিক্ষকেরা।
গতকালের সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ওপর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ফেডারেশনের সিদ্ধান্ত উপেক্ষা করে ভর্তি পরীক্ষা না নেওয়ার ঘোষণা দিলে ওই সমিতিকে ফেডারেশন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
অন্যদিকে, গ্রেড সমস্যা নিরসনসহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহালের দাবিতে দুপুরে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে এই কর্মসূচি পালিত হয়।