সরকারকে আলোচনার উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা প্রয়োজন বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, এ জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রেহমান সোবহান এ কথা বলেন। তিনি বলেন, একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে, সে দেশ অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, সেটি সম্ভব নয়।
রেহমান সোবহান বলেন, সহিংসতা ছাড়া এমন একটি নির্বাচন করতে হবে, যেখানে সব ভোটার নির্ভয়ে অংশ নিতে পারেন। কিন্তু সেটি কীভাবে হবে এটিই রাজনৈতিক দলগুলোর জন্য এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে তারা জনগণের সেবক। দলগুলো এক পক্ষ আরেক পক্ষকে দোষ দেয়, এভাবে চলতে পারে না। বছরের পর বছর ধরে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা হয় না, যা বিশ্বের আর কোনো দেশে দেখা যায় না।’
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘ইলেকশন ডিবেট’-এর গতকাল ছিল চূড়ান্ত পর্ব। এতে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এতে সরকারি দল ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বেসরকারি দল ছিল ইবাইস বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় বিজয়ী হয় ইবাইস বিশ্ববিদ্যালয়।