সরকারকে এক মাসের সময় বেঁধে দিলেন সাংবাদিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বনানীতে মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মীরা l প্রথম আলো
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে গতকাল বনানীতে মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মীরা l প্রথম আলো

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যার বিচারের অগ্রগতি প্রকাশ করতে সরকারকে এক মাসের সময় বেঁধে দিয়েছেন সাংবাদিকেরা। ওই সময়ের মধ্যে অগ্রগতি জানাতে না পারলে পরে কঠোর কর্মসূচিতে যাবেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং রাজধানীর বনানীতে মাছরাঙা টেলিভিশনের সামনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। তবে সরকারকে এক মাসের আলটিমেটাম দেন ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন। তিনি বলেন, ‘এক মাসের মধ্যে যদি সরকার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি জানাতে ব্যর্থ হয়, তবে কঠোর আন্দোলনে যাবেন সাংবাদিকেরা।’
ডিআরইউর সমাবেশে আসে সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহীর সরওয়ার (মেঘ)। ইন্দিরা রোডে রুনির মায়ের বাড়িতে আজ মিলাদ মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানান রুনির ভাই নওশের।
ডিআরইউর সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘একটি ঐক্যবদ্ধ আন্দোলনের দানা বাঁধতে পারিনি আমরা। এবারও সব ইউনিয়ন, সংগঠন মিলে একটি সমাবেশ করতে পারিনি।’ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এ বিচার নিশ্চিত করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ জামাল হোসাইন প্রমুখ।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচন ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা গাজী জহিরুল ইসলাম, রহমান মুস্তাফিজ, বরুণ ভৌমিক প্রমুখ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। সাগর মাছরাঙা টিভির বার্তা সম্পাদক ও রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। হত্যাকাণ্ডের দিনই ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সেই হত্যাকাণ্ডের পর এখন পর্যন্ত কাউকে শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে জানতে চাইলে সাহারা খাতুন বিবিসি বাংলাকে বলেন, ‘আমি ঠিক এই কথাটাই এভাবে বলি নাই। আমি আমার আইনশৃঙ্খলা বাহিনীকে আদেশ দিয়েছিলাম যে ৪৮ ঘণ্টার মধ্যে ধরতে হবে। কিন্তু দুঃখজনক হলেও এই কথাটা টুইস্ট করেছেন সাংবাদিক ভাইয়েরা।’
এ ঘটনায় পুলিশের কাছে কোনো ক্লু নেই—এমন প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, ‘ক্লু নেই আমি বলছি না। আমি বলছি, তারা এখনো সঠিকভাবে কোনো ক্লু বের করতে পারছে না।’ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে তদন্ত কর্মকর্তারা তাঁকে কী বলেছিলেন জানতে চাইলে তিনি বলেন, ‘কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো নাকি সবার সামনে বলা যায় না। অনেক কিছু থাকে যে গোপনীয়তা রক্ষা করতে হয়।’