নিখোঁজ, গুম হয়েছেন অথবা গুপ্তহত্যার যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর রহস্য উদ্ঘাটনের দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বলেন, গুপ্তহত্যা বা গুম হওয়ার বিষয়ে সরকার দায়িত্ব এড়াতে পারে না। এসব ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত নয়, এটা তাদেরই প্রমাণ করতে হবে। গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংলাপে মিজানুর রহমান এ কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।মিজানুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী, প্রতিটি নাগরিকের জান-মাল রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। তাই রাষ্ট্রকে অবশ্যই এর দায় নিতে হবে। ঘটনার শিকার পরিবারগুলোকে জানাতে হবে প্রকৃত ঘটনা। তিনি বলেন, ‘কয়েকটি অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা চেয়েছে মানবাধিকার কমিশন। তাতে বলা হয়েছে, ঘটনার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িত নয়, এ ধরনের মতামত গ্রহণযোগ্য হবে না। প্রকৃত ঘটনা বলতে হবে। পরিবারগুলোকে ব্যক্তি বা লাশের সন্ধান দিতে হবে। কিন্তু এখনো তাদের উত্তর পাইনি।’আগামী ৪ জানুয়ারি মানবাধিকার কমিশনের সভায় গুপ্তহত্যা বা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে সম্ভাব্য ব্যবস্থা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মিজানুর রহমান।