সরকারকে গণতন্ত্র চর্চা করার আহ্বান মির্জা ফখরুলের
কর্মসূচিতে বাধা না দিয়ে সরকারের প্রতি ‘গণতন্ত্রের চর্চা করতে’ আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দুস্থদের মধ্যে খাবার বিতরণ করার সময় তিনি এ আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার মৃত্যুবার্ষিকীর পরদিন গতকালও রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না৷ দলের পক্ষ থেকে বলা হয়েছে, ক্লান্তি ও পায়ে ব্যথার কারণে তিনি কর্মসূচিতে অংশ নেননি।
শফিক রেহমানের বাসার সামনে পুলিশ: গতকাল সকাল থেকে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমানের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়।
শফিক রেহমান প্রথম আলোকে বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি দুস্থদের মধ্যে ৫০০ শাড়ি-লুঙ্গি বিতরণ করতে চেয়েছিলেন। বিএনপির চেয়ারপারসনের এতে উপস্থিত থাকার কথা ছিল। পুলিশ শুক্রবার রাতে তাঁকে ওই অনুষ্ঠান না করতে বলে। সে অনুযায়ী পরে তিনি অনুষ্ঠান হচ্ছে না বলে পুলিশকে জানান৷ শফিক রেহমান বলেন, এর পরও সকাল আটটা থেকে তাঁর বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়। ওই পুলিশ সদস্যরা জানান, তাঁরা নিরাপত্তার জন্য সেখানে গিয়েছেন৷