সড়ক পরিবহন আইনের খসড়ায় চালক-মালিকদের বিভিন্ন অপরাধের জন্য শাস্তির যে প্রস্তাব করা হয়েছে, এর কিছু ধারা পরিবর্তনে মাঠে নামছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। তাঁরা আগামী মাসে সারা দেশে মানববন্ধনসহ নানা কর্মসূচি নিয়েছেন।
গতকাল বুধবার গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা এক বৈঠকে দুর্ঘটনায় শাস্তি ও জরিমানার পরিমাণ কমানোর লক্ষ্যে কর্মসূচি ঠিক করেন। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ কথা জানা গেছে।
সড়ক পরিবহন আইন, ২০১৭-এর খসড়া গত মাসে মন্ত্রিসভা কমিটি নীতিগতভাবে অনুমোদন করে।
গতকাল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বিশেষ অতিথি ছিলেন। সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মালিক-শ্রমিক সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, দুই মন্ত্রী নিজেরা আইনমন্ত্রী ও সংসদীয় কমিটির সঙ্গে মালিক-শ্রমিক নেতাদের বৈঠকের ব্যবস্থা করার আশ্বাস দেন। প্রয়োজন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে অবহিত করার আশ্বাস দেন। তাঁরা সারা দেশে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে কর্মসূচি পালনের পরামর্শ দেন।
বৈঠকে মালিক-শ্রমিকনেতারা অভিযোগ করেন, খসড়া আইনে দুর্ঘটনাসহ নানা অপরাধের জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে। দুর্ঘটনায় নিহত না হলেও তিন বছরের কারাদণ্ড এবং ২৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। জরিমানার টাকা ৯০ দিনের মধ্যে মালিক-শ্রমিকদের পরিশোধ করতে হবে। অথচ এখন জরিমানার টাকা বিমা কোম্পানির পক্ষ থেকে পরিশোধ করার বিধান আছে।