সরকারকে চাল দিতে আগ্রহ নেই চালকলের মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বোরো চাল সংগ্রহ অভিযানে সরকারি খাদ্যগুদামে সরবরাহ দিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চালকলের মালিকদের মধ্যে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। সরকার-নির্ধারিত ক্রয়মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশি থাকায় এসব চালকলের মালিকেরা সরকারি গুদামে চাল দিতে আগ্রহী হচ্ছেন না। চুক্তিবদ্ধ হতে খাদ্য বিভাগ নির্ধারিত শেষ দিনে, অর্থাৎ ২০ মে পীরগঞ্জের মাত্র ১০ শতাংশ মালিক সরকারি গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছেন।
উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ইমদাদুর রহমান বলেন, এবারের অভ্যন্তরীণ চাল সংগ্রহ কার্যক্রম শুরুর জন্য পীরগঞ্জের ৩০০ চালকলের মালিকদের খাদ্য বিভাগের পক্ষ থেকে চিঠি দিয়ে চুক্তি সম্পাদন করতে বলা হয়। চুক্তি সম্পাদনের শেষ তারিখ ছিল গত শনিবার ২০ মে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সরকারি ছুটি থাকলেও চালকলের মালিকদের চুক্তিবদ্ধ হওয়ার নির্ধারিত দিন হওয়ায় শনিবার রাত ৮টা পর্যন্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর খোলা রাখা হয়। শনিবার রাত ৮টা পর্যন্ত মাত্র ৩২ জন মালিক তাঁদের চুক্তিপত্র জমা দিয়েছেন। অথচ চুক্তিপত্র জমা হওয়ার কথা ৩০০। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মমিন সরকার শনিবার রাত ৮টায় মুঠোফোনে ৩২টি চুক্তিপত্র জমা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে গত বুধবার রাতে চালকল মালিক গ্রুপের সভাপতি ইমদাদুর রহমানের সভাপতিত্বে রিভারভিউ হাস্কিং মিল প্রাঙ্গণে উপজেলা চালকল মালিকপক্ষের এক জরুরি সভা হয়। এতে ৬২ জন মালিক উপস্থিত ছিলেন। বক্তব্য দেন চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কশিরুল আলম, সোহাগ মঈনুল হোসেন, নূরে আলম, জয়নাল আবেদীন, দেলোয়ার দুলাল, সোলায়মান আলী প্রমুখ। বক্তারা বলেন, এবার ৩০ কেজির বস্তায় খাদ্যগুদামে চাল দিতে হবে। বাজারে মোটা চাল নেই। এই অঞ্চলে কয়েক বছর যাবৎই সরু ধানের (ব্রি ধান-২৮, ২৯) আবাদ বেশি হচ্ছে। এসব জাতের প্রতি কেজি চালের বর্তমান বাজারদর ৪৫-৪৬ টাকা। অথচ সরকার কেজিপ্রতি চালের দাম নির্ধারণ করেছে ৩৪ চাকা। এ অবস্থায় সরকারি গুদামে চাল দিতে গেলে প্রতি কেজিতে ১০ টাকা (প্রতি বস্তায় ৩০০ টাকা) করে লোকসান দিতে হবে। এতে লাভ তো দূরের কথা, ব্যবসার পুঁজিও খোয়া যাবে বলে শঙ্কা করছেন চালকলের মালিকেরা।
চালকল মালিক গ্রুপের সভাপতি ইমদাদুর রহমান বলেন, ‘সরকারি গুদামে চাল দিতে গেলে ৩০ কেজির প্রতি বস্তায় নির্ঘাত ৩০০-৩১০ টাকা লোকসান হবে। এ জন্য আমরা মালিকপক্ষের সভায় কোনো মালিকের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিইনি। কারও ইচ্ছা হলে চুক্তি করতে পারেন। কেউ না করলে আমরা তাঁকে অনুরোধও করব না।’
চালকলের মালিক সোহাগ মঈনুল হোসেন বলেন, ‘বস্তাপ্রতি ২০ থেকে ৫০ টাকা লোকসান হলেও এর আগে মেনে নিয়েছি। কিন্তু এবার কেজিপ্রতি ১০-১১ টাকা লোকসান দেওয়া সহজ কথা নয়। আমরা প্রতিবারের মতো এবারও সরকারকে সহায়তা করতে চাই, কিন্তু তা করতে গিয়ে ব্যবসার পুঁজির ঘাটতি করতে পারি না।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলার ৩০০ চালকল থেকে ৬ হাজার ২৬৭ দশমিক ৯৯০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
খাদ্য বিভাগের সঙ্গে এসব চালকলের চুক্তি সম্পাদনের শেষ দিন গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চালকলের মাত্র ৩২ জন মালিক উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে চুক্তিপত্র দাখিল করেছেন। অন্য মালিকেরা চুক্তি করেননি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল মমিন সরকার গতকাল রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুরে মুঠোফোনে জানতে পেরেছি যে চুক্তির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ান হয়েছে। চিঠি না আসা পর্যন্ত বিস্তারিত জানাতে পারব না।’