সরকারকে জালেম বলায় মাওলানাকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সান্তাহার শহরে গত শুক্রবার বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের মোনাজাতে বর্তমান মহাজোট সরকারকে জালেম ও জুলুমবাজ বলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আসাদুল্লাহ নামের এক মাওলানাকে গণপিটুনি দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সান্তাহার পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সাংসদ এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মোমিন তালুকদার। উপস্থিত অতিথিরা জানান, ইফতার পূর্ব মোনাজাতে মাওলানা আসাদুল্লাহ বলেন, ‘হে আল্লাহ, এই জালেম ও জুলুমবাজ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করো, যেকোনো উপায়ে সরকার পতনের আন্দোলনে আমাদের শক্তি জোগাও, এই সরকারকে তুমি ধ্বংস করে দাও।’এই মোনাজাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ক্ষুব্ধ হয়ে রাতেই মাওলানা আসাদুল্লাহকে ধরে আওয়ামী লীগ অফিসে এনে গণপিটুনি দেন। সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম বলেন, মাওলানা আসাদুল্লাহ একজন জঙ্গি। তিনি বিভিন্ন অনুষ্ঠানে সরকারবিরোধী বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছেন। তাঁর বিরুদ্ধে মাদ্রাসাছাত্রদের সংঘবদ্ধ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ রয়েছে। মাওলানা আসাদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।